ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘুষ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা ) উপ-সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায় রোববার এ অভিযোগ গঠন করেন। আগামী ১৫ নভেম্বর থেকে এ মামলার সাক্ষ্য নেওয়া হবে।
কামরুজ্জামানের বাড়ির কেয়ারটেকার গোলাম মোস্তফা গত ১৮ এপ্রিল তার বিরুদ্ধে পল্টন থানায় এই ঘুষের মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি শান্তিনগর এলাকার একটি বাড়ির বিছিন্ন থাকা মিটারে সংযোগ দেওয়ার বিনিময়ে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ১৫ এপ্রিল ১৫ হাজার টাকা নিয়ে তিনি ওই বাড়িতে বিদ্যুতের সংযোগ দেন। ১৭ এপ্রিল বাকি ২০ হাজার টাকা নেওয়ার সময় র্যাব-৩ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
অভিযোগ তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আমিনুল ইসলাম এ মামলায় কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএ/১৮৪৮ ঘ.
bdnews24