বরগুনা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনার তালতলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আক্কাস মৃধাকে (৪৫) শনিবার রাতে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বরগুনা নৌ-ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আক্কাস মৃধা তালতলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তালতলীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।"
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুল্লাহ জানান, আক্কাসকে রাতেই থানায় সোপর্দ করা হয়।
আক্কাসের বিরুদ্ধে তালতলী থানায় দুটি চাঁদাবাজি মামলা ও আটটি সাধারণ ডায়রি রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫২ ঘ.
bdnews24