সাভার, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে অ্যাসিড সন্ত্রাসের শিকার মাহমুদা খাতুন টপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন। বিকালে বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) তার লাশ নিয়ে আসা হয়।
এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা আল-মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো সাত দিন রিমান্ড চেয়েছে পুলিশ। আল-মামুনের সহযোগী ও তার ভগ্নিপতি আল-ওয়াজেদ ও বন্ধু মুন্নাকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানায়।
গত রোববার অ্যাসিড নিক্ষেপের পরদিন মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে মামুন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল আলীম।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আরো সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে।"
মামুনের দেয়া তথ্য অনুযায়ী তার ভগ্নিপতি আল ওয়াজেদ ও বন্ধু মুন্নাকে গ্রেপ্তারের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে আব্দুল আলীম জানান।
রোববার রাতে টপির ওপর অ্যাসিড ছোড়া হয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাসপাতালে পাঠায়। আল মামুন সোমবার কার্যালয়ে এলে বিএলআরআইয়ের সহকারী পরিচালক মাসুদ আলম তাকে আটক করে পুলিশে তুলে দেন।
মাসুদ আলম সাংবাদিকদের জানান, মামুন প্রায়ই স্ত্রীকে মারধর করত।
ওই দিন বিকেলে টপির বাবা ইব্রাহিম খলিল বাদি হয়ে মামুন, ওয়াজেদ ও মুন্নাকে আসামি করে আশুলিয়া থানায় মামলা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫২ ঘ.
bdnews24