সিরাজগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জে কাদের হত্যা মামলায় বৃহস্পতিবার একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চারজনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া আদালত একজনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দিয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন বেল্লাল হোসেন (২৮)। যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- সুলতান আলী (২৭), আবদুস সবুর (২৯), হানিফ উদ্দিন (৩২) ও হাছেন আলী (৩৫)। এক বছরের কারাদণ্ডাদেশ পাওয়া আসামি নাম আসিদুল (২৬)। এদের সকলের বাড়ী সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের বেতুয়া গ্রামে।
এর মধ্যে বেলাল হোসেন, সুলতান আলী ও আবদুস সবুর পলাতক।
মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ জুলাই দুপুরে অভিযুক্তরা একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে কাদের খাঁ (৫০) কে হত্যা করে। গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বেতুয়া হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই ওয়াহাব আলী বাদী হয়ে সদর থানায় মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০১২৫ঘ.
bdnews24