বান্দরবান, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আন্তরিক। বৃহস্পতিবার বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, সরকার পার্বত্য জেলাগুলোর উন্নয়নে এশিয়া উন্নয়ন ব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত ৩২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে আরও ২৫৭ কোটি ৭৬ লাখ টাকা। শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার বেশ কিছু কর্মসূচি নিয়েছে।
তিনি বর্তমান সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবদুস সবুর, বান্দরবান সেনা রিজিয়নের অধিনায়ক এটিএম জিয়াউল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক আব্দুল মজিদ শাহ আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, জেলা প্রেসক্লাব সভাপতি কবির হোসেন সিদ্দিকীসহ জেলার সরকারি ও সামরিক বাহিনীর কর্মকর্তারা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে উপদেষ্টা টিসিআই মিলনায়তনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তিনি আদিবাসী সংস্কৃতির উন্নয়নে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন।
এর আগে উপদেষ্টা পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজ ভবন ও নীলাচল পর্যটন কমপ্লেক্সের শুভ্র নীলা কেন্দ্র উদ্বোধন করেন এবং নীলাচল সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২০৩ ঘ.
bdnews24