পাবনা, অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাস জমির জলাশয়ে মাছ ধরা নিয়ে মঙ্গলবার ফরিদপুর উপজেলায় ১৪৪ ধারা ভেঙে দুই গ্র"পের বন্দুকযুদ্ধে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) গোলাম মোস্তফা জানান, আহতদের মধ্যে হামিদুর রহমান (২৬), দারোগা আলী (৪০), হাফিজ (৩০), আনসার আলী (৩৫), আজিজুল (২৫), আবুল কালাম (২৫), সিরাজুল (৩০) ও রউফকে (২১) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং আমিরুল ইসলাম (২৫), খায়রুল ইসলাম (২৬) ও সাইদুল ইসলামকে (৩৫) পাবনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোলাম মোস্তফা জানান, ৫০ শতাংশ খাস জলাশয়ের দখল নিয়ে উপজেলার পাঁচপুঙ্গলী গ্রামের মতিউর রহমান ও শহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে গত সপ্তাহে আদালত ওই জলাশয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। কিন্তু মঙ্গলবার বিকেলে শহিদুল ইসলাম ১৪৪ ধারা অমান্য করে দলবল নিয়ে সেখানে মাছ ধরতে যায়। এসময় মতিউর রহমানের লোকজন তাদের বাধা দিলে দুই দলের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, উভয় দলের সদস্যরাই বন্দুক ও ধারালো অস্ত্রসহ লাঠিসোটা ব্যবহার করে। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই জমির ইজারা নিয়ে দুই পক্ষের দায়ের করা আলাদা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৪০ ঘ.
bdnews24