ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে রোববার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুপুরে সদর উপজেলায় কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে একটি বাস রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এরপর এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা সড়কটি অবরোধ করে। জেলায় আরও দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়।
এছাড়া, জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর লালমনিরহাট সংবাদদাতা জানান, কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে সদর উপজেলায় বড়বাড়ি আইড়খামার এলাকায় রোববার দুপুরে যাত্রীবাহী একটি বাস একটি রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
এরা হলেন, ভ্যান আরোহী রেজাউল হোসেন, ইউনুস আলী ও করিম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক জানান, কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি বাস রিকশা ভ্যানটিকে চাপা দেয়। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
ওসি জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে দুপুর ১২টার পর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বন্ধ থাকায় বেলা ২টার দিকে কুড়িগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাস বিকল্প পথে রংপুর যাচ্ছিল। কুড়িগ্রাম-রাজারহাট সড়কে পাঙ্গা রাজবাড়ীতে বাসের ছাদে থাকা দুলাল নামে এক যাত্রী বাঁশঝাড়ের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেলা ৩ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে এলাকাবাসী অবরোধ তুলে নেয় বলে জানান আবু বক্কর ছিদ্দিক।
অন্যদিকে, শহরের কাছে বিসিক শিল্প নগরী এলাকার রোববার বিকেল ৪টায় মাইক্রোবাস চাপায় হোসেন আলী চৌকিদার নামে এক পথচারী ঘটনাস্থলেই মারা যায়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, কালাই উপজেলার বাঘড়া এলাকায় মোলামগাড়ী-বগুড়া সড়কে রোববার সকালে মোটর সাইকেলের ধাক্কায় পূর্ণিমা নামে ছয় বছরের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। তার বাড়ি বাঘড়া গ্রামে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বেলা ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ায় পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় পূর্ণিমা। কালাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মোটর সাইকেলটি আটক করতে পারেনি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জীবননগর উপজেলার বাকা এলাকায় রোববার সকালে ঢাকা থেকে দর্শনাগামী ঈগল পরিবহনের একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাসযাত্রী বাবু ঘটনাস্থলেই মারা যায়।
ওই দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।
বাবুর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মুবারক পাড়ায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এসএনডি/২১৪০ ঘ.
bdnews24