ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নেশার ট্যাবলেট ইয়াবাসহ গ্রেপ্তার পাপিয়া সুলতানা (২৭) ও মো. শাহজাহানকে (৪৪) তিন দিনের রিমান্ডে নিয়েছে রাজধানীর শ্যামপুর থানা পুলিশ।
রোববার বিকেলে ওই দুইজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম তাদের ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে মহানগর হাকিম এস এম মাহাবুবুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব সদস্যরা শনিবার সন্ধ্যায় রাজধানীর পূর্ব জুরাইন থেকে ৪৩টি ইয়াবা ট্যাবলেটসহ শাহজাহানকে গ্রেপ্তার করে। পরে শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাপিয়াকে তার জুরাইনের বাসা থেকে ৪০৭টি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ৮০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শনিবার রাতে র্যাবের সাার্জেন্ট মাফিকুল ইসলাম শ্যামপুর থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০৪৬ ঘ.
bdnews24