ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বেসরকারি খাতে ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র 'রেন্টাল পাওয়ার প্ল্যান্ট' স্থাপনের প্রস্তাব মূল্যায়নের কাজ শুরু করেছে পাওয়ার সেল। এক সপ্তাহের মধ্যে মূল্যায়নের কাজ শেষ হতে পারে বলে পাওয়ার সেলের মহাপরিচালক আশা প্রকাশ করেছেন। ফেঞ্চুগঞ্জের জন্য কোন প্রস্তাব জমা না পড়ায় নতুন করে দরপত্র আহ্বান করবে পাওয়ার সেল।
পাওয়ার সেলের মহাপরিচালক আবদুল জলিল রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার থেকে মূল্যায়নের কাজ শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করি। পাঁচটি প্রতিষ্ঠানের ১৩টি প্রস্তাব জমা পড়েছে। কেবল ফেঞ্চুগঞ্জের জন্য কোনও প্রস্তাব জমা পড়েনি। এজন্য আবার দরপত্র আহ্বান করা হবে।"
বিদ্যুতের মূল্য সম্পর্কে মহাপরিচালক বলেন, "প্রাপ্ত প্রস্তাব যাচাই বাছাই করে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হবে। নতুন স্থাপিত কেন্দ্রের বিদ্যুতের দাম স্বাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সামান্য বেশি হতে পারে।"
অক্টোবর মাসে বেসরকারি খাতে আটটি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য দরপত্র আহ্বান করে পাওয়ার সেল। এর বিপরীতে ফেঞ্চুগঞ্জ ছাড়া অন্য সাতটি স্থানে ২৬০ মেগাওয়াটের সাতটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব জমা পড়েছে। পাওয়ার সেল ৩১০ মেগাওয়াটের জন্য দরপত্র আহ্বান করেছিল।
পাওয়ার সেল সূত্রে জানা গেছে, এগ্রিকো (সিঙ্গাপুর), অলসটম পাওয়ার রেন্টালস (যুক্তরাষ্ট্র), কাল্টিম্যাক্স এনার্জি (ইন্দোনেশিয়া), এনার্জি প্রিমা (বাংলাদেশ) ও গ্রীন পাওয়ার (বাংলাদেশী কনসোর্টিয়াম) সাতটি কেন্দ্রের জন্য ১৩টি প্রস্তাব জমা দিয়েছে।
মূল্যায়ন ও অন্যান্য প্রক্রিয়া শেষে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে মনোনীত প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হতে পারে। সরকারের সঙ্গে চুক্তির পর মনোনীত প্রতিষ্ঠানকে তিন মাসের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। সরকারের সঙ্গে এসব বিদুৎ কেন্দ্রের চুক্তি হবে তিন বছর মেয়াদী।
গ্যাসের সহজলভ্যতা ও জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করার সুবিধা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আটটি স্থান নির্বাচন করে সরকার। সিলেটে ৫০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াট, শাহজীবাজারে ৫০ মেগাওয়াট, আশুগঞ্জে ৫০ মেগাওয়াট, ভোলায় ৩০ মেগাওয়াট, খুলনায় ৪০ মেগাওয়াট, ভেড়ামারায় ২০ মেগাওয়াট ও বগুড়ায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ভেড়ামারা ও খুলনা বিদ্যুৎ প্ল্যান্ট ডিজেল চালিত ও বাকীগুলো গ্যাস দিয়ে চালানো হবে।
রেন্টাল পাওয়ার স্টেশন হিসাবে পরিচিত এসব বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি বরাদ্দ দিবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সরকার সহজ শর্তে গ্যাস সরবরাহ করবে। বিদ্যুৎ স্টেশন হবে বহনযোগ্য। বার্জ, স্কিড ও টেইলর মাউন্টেড এ তিন পদ্ধতির মধ্যে অবস্থান অনুযায়ী সুবিধাজনক পদ্ধতির স্টেশন স্থাপন করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এমএ/১৮২৮ঘ.
bdnews24