২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক রাতে ২০ বাড়ি মেঘনায় বিলীন

রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামের ২০ বাড়ি এক রাতেই হারিয়ে গেছে মেঘনাগর্ভে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে ভাঙন শুরু হয়ে রাত ২টার মধ্যে বাড়িগুলো বিলীন হয়ে যায়। জীবনরক্ষায় ব্যস্ত নদীতীরের মানুষ ঘরের মালপত্রও সরিয়ে নিতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

নরসিংদী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামের ২০ বাড়ি এক রাতেই হারিয়ে গেছে মেঘনাগর্ভে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে ভাঙন শুরু হয়ে রাত ২টার মধ্যে বাড়িগুলো বিলীন হয়ে যায়। জীবনরক্ষায় ব্যস্ত নদীতীরের মানুষ ঘরের মালপত্রও সরিয়ে নিতে পারেনি। চরমধুয়া গ্রামের দাশপাড়া এলাকায়ই ভাঙনের কবলে পড়ে। ওই এলাকার সুশীল চন্দ্র দাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করেই সন্ধ্যার পর ভাঙন দেখা দেয়। তলিয়ে যেতে থাকে গাছপালা, ফসলসহ জমিজমা। ভাঙন ক্রমেই বেড়ে গ্রাস করতে থাকে ঘর-বাড়ি।" তিনি বলেন, "প্রলয়ঙ্করী এ ভাঙন দেখে চিৎকার করে লোকজনকে ডাকি। ততক্ষণে বিকাশ দাস, অমৃত দাস ও দুখাই দাসের ঘর চলে গেছে নদী গর্ভে।" বিকাশ দাশ বলেন, "গ্রামের মাজারে ওরস চলছিল। খবর পেয়ে সেখান থেকে বহু লোকজন এসে উদ্ধার কাজ শুরু করে। একদিকে চলছিল উদ্ধার কাজ, অন্যদিকে ভাঙনে বিলীন হতে থাকে বাড়ি-ঘর।" গ্রামবাসীরা জানায়, রাত ২টা পর্যন্ত ভাঙনে ২০টি বাড়ি বিলীন হয়েছে। বাড়ির ধান-চাল, গাছ-গাছালিসহ বেশিরভাগই রক্ষা করতে পারেনি ক্ষতিগ্রস্তরা। ওই এলাকার আরো ২৫টি বাড়ি ভাঙনের মুখে রয়েছে বলে গ্রামবাসীরা জানায়। চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ শুরু করি। ভাঙনের কথা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে চেয়ারম্যান জানান। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৬ ঘ.