শরীয়তপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর ও জাজিরা উপজেলা থেকে সোমবার একটি চোরাই মোটর সাইকেল, একটি দেশীয় শাটার গান ও ১০টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৮ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার কায়সার জানান, সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া পাটানী বাড়ি ঘাট থেকে সোমবার ভোরে একটি চোরাই মোটর সাইকেল এবং একই উপজেলার গঙ্গানগর বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি শাটারগান উদ্ধার করা হয়।
একইদিন সকালে জাজিরা উপজেলার বিলাসপুর বাজারের একটি দোকানের পাশ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১০টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে র্যাব কর্মকর্তা কায়সার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯১৪ ঘ.
bdnews24