২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীর মাতুয়াইলে শিশু মাতৃ ইন্সস্টিটিউটে ভুল চিকিৎসায় চার দিনের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 07:11 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মাতুয়াইলে শিশু মাতৃ ইন্সস্টিটিউটে ভুল চিকিৎসায় চার দিনের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে মোহাম্মদপুরের বাবর রোডের ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক আবুল হোসেনকে রোগী জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুটি ঘটনায় রোববার শ্যামপুর ও মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক মো. মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৩৫ পশ্চিম জুরাইনের আব্দুল হালিম গত বুধবার নারায়ণগঞ্জের উকিলপাড়ার পলি ক্লিনিকে তার অন্তসত্ত্বা স্ত্রী আয়শা আক্তারকে ভর্তি করেন। সেখানে অস্ত্রপচারের মাধ্যমে তার সন্তান হয়। শুক্রবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে ক্লিনিকের কর্মচারি বিশেষজ্ঞ চিকিৎসকের নামে দিলিপ নামে একজন চিকিৎসককে ডেকে আনেন। তিনি শিশুকে ইনজেকশন, সিরাপ ও ট্যাবলেট দেন। কিন্তু পরদিন শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চাষাঢ়ার ডা আহসানউল্লাহ আল বাকীরের চেম্বারে নেওয়ার পরামর্শ দেন তিনি। পরে ডা. আহসানউল্লাহর পরামর্শে শিশুটিকে শনিবার রাত ৮টার দিকে মাতুয়াইল শিশু মাতৃ ইনস্টিটিইটে নেওয়া হয় এবং তিনি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটির শরীর ফুলে যায় এবং কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। ডা. আহসানউল্লাহ ও দিলিপ শিশুটির মৃত্যুর ঘটনা গোপন করার চেষ্টা করেন। শিশুটির নানা আইয়ুব আলী রোববার ডা. আহসান এবং দিলিপকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ রাত আটটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে। দুই অভিযুক্ত পলাতক। মিজানুর রহমান জানান, উপপরিদর্শক আফজালুর রহমানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আবু সাইদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামপুরের জুরাইন মাদ্রাসা রোডের শাহীনূর বেগম নামে এক মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, শাহীনূর বেগমের ছোট ভাই জামাল কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। রোববার চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন শাহীনূর। কিন্তু সেখানকার দালালদের খপ্পরে পড়ে তাকে বাবর রোডের ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যার দিকে জামালকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ১৫ হাজার টাকা দাবি করেন ক্লিনিকের পরিচালক আবুল হোসেন। কিন্তু দাবি মত টাকা দেওয়ার পরও তিনি আরো ২০ হাজার টাকা চান। টাকা না দিলে জামালের একটি পা কেটে ফেলার হুমকি দেন আবুল হোসেন। শাহীনূর বেগম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ আবুল হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ক্লিনিকের মালিক নূরুন্নবী পালিয়ে গেছেন। প্রায় দুই মাস আগে ভুল চিকিৎসায় একটি শিশুর চোখ নষ্ট করার অভিযোগে পুলিশ নূরুন্নবীকে গ্রেপ্তার করে। ওই মামলায় তিনি বতর্মানে জামিনে আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এমএসবি/এমএইচবি/০১০৪ ঘ.