মুন্সীগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ শুরু হবে আগামী ১ নভেম্বর। সেদিন থেকে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ১১ নভেম্বর থেকে শুরু হবে ছবি তোলার কাজ।
বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধিদের এক সমন্বয় সভায় এ তথ্য জানান সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন। ওই সময় তিনি তারিখ ঘোষণার পাশাপাশি প্রকল্পের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
জেলা প্রশাসক মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বিশ্বাস আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
সভায় জানানো হয়, ভোটার তালিকার কাজ শুরু হবে সদর উপজেলা থেকে। এরপর পর্যায়ক্রমে টঙ্গীবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান ও গজারিয়া উপজেলায় কাজ চলবে। ৮০০ জন তথ্য সংগ্রহকারী, ১৬৯ জন সুপারভাইজার এবং ২১ জন সহকারী নিবন্ধন কর্মকর্তা পুরো কাজটি করবেন।
জেলার সম্ভাব্য ভোটার সংখ্যা ১০ লাখ ৮৩ হাজার হবে বলে সভায় জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.
bdnews24