২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফ, আমান ও সালাউদ্দিনের মামলা স্থগিত করেছে হাইকোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি ফৌজদারি মামলার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বৃহষ্পতিবার বিচারপতি এএফএম আবদূর রহমানের একক অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমান ও সালাউদ্দিনের দায়ের করা তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার দিন পর্যন্ত মামলা তিনটির কার্যক্রম স্থগিত করে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি ফৌজদারি মামলার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। বৃহষ্পতিবার বিচারপতি এএফএম আবদূর রহমানের একক অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমান ও সালাউদ্দিনের দায়ের করা তিনটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আগামী ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট খোলার দিন পর্যন্ত মামলা তিনটির কার্যক্রম স্থগিত করে আদালত। গত ১৯ মার্চ আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবেদ আলী ভুঁইয়ার ভাই আবদুস সাত্তার ভুঁইয়া কুমিল্লার দাউদকান্দি থানায় খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫ লাখ ৩৫ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। ১৬ এপ্রিল মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে সরকার। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন খন্দকার মোশাররফ হোসেন। সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের বিরুদ্ধে গত ২১ মার্চ ঢাকার কেরানীগঞ্জ থানায় চাঁদাবাজি, চুরি, ভাংচুর ও জীবননাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা মো. হুমায়ুন কবির। এ মামলায় অভিযোগ করা হয়, আমান হুমায়ুন কবিরের পোল্ট্রি ফার্মে ঢুকে ৩৭০ টি মুরগি নিয়ে যান। ফার্ম ভাংচুর করে তাকে জীবন নাশের হুমকি দেন আমান। মোট ১ লাখ ৬৮ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন হুমায়ুন কবির। এ মামলাটি গত ১৫ এপ্রিল জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন আমান। বিএনপির ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বিরুদ্ধে যাত্রবাড়ী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আবু ইউসুফ গত ৩ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সালাউদ্দিন আহমেদ ওই হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে কমিটির অপর সদস্যদের সঙ্গে যোগসাজশে অনেক অর্থ আত্মসাত করেছেন। এর মধ্যে স্কুলের নামে জমি কেনার টাকা দিয়ে প্রতারণার মাধ্যমে নিজের নামে জমি কিনে ৬ লাখ ৬০ হাজার টাকা আত্মসাত করেছেন সালাউদ্দিন। এ মামলাটি সরকার ১৬ জুলাই জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভূক্ত করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সালাউদ্দিন। রিট আবেদন তিনটির ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নাজমূল হুদা। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৬০০ ঘ.