ঢাকা/চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর বঙ্গোপসাগরে সোমবার সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটা উত্তর দিকে আরো অগ্রসর হয়েছে। এর প্রভাবে সোমবার সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামসহ উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে।
ঢাকা আবহাওয়া অফিস দুপুরের পর পর আবহাওয়ার এক পূর্বাভাসে জানায়, লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া অব্যহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী সব লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে।
লঘুচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় মেঘনা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে। অপর একটি লঞ্চ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও এখন নিরাপদে রয়েছে বলে জানা গেছে। চর ফ্যাশনে একটি মাছ ধরা ট্রলার থেকে দুই জেলে মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৭ টি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে।
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পাঁচটি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে। টানা বর্ষণ ও ঝড়ো বাতাসের কারণে কুয়াকাটার পর্যটন ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদের ছুটি উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার জন্য লোকজন হোটেলগুলোতে বুকিং দিলেও সেখানে সোমবার পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেননি অনেকে।
এর আগে বেলা ১টার দিকে ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর বঙ্গোপসাগরে সঞ্চারণশীল ভারী মেঘমালার কারণে সোমবার বেলা ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ঢাকা, খুলনা, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্র মেঘমালার কারণে তিন সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি বলেন,"আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় সমুদ্রে চলাচলকারী মাছধরা ট্রলার ও ছোট ছোট নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।"
এদিকে গভীর বজ্র মেঘের কারণে চট্টগ্রাম বন্দরে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে লাইটারেজ জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে এবং বড় জাহাজ চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল কর্মকর্তা মনজুর পারভেজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। অবশ্য বন্দরের অন্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম আর্ন্তজাতিক বিমান বন্দরে ফ্লাইট ওঠানামায় দুপুর পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে এয়ারপোর্ট ট্রাফিক বিভাগ জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এমএসবি/০০৩০ ঘ.
bdnews24