শেরপুর , অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের বড় গজনি এলাকা থেকে বাংলাদেশ রাইফেলস-বিডিআর বুধবার রাতে ভারতের তিন নাগরিককে আটক করেছে।
আটক তিনজন হলেন, ভারতের মেঘালয় রাজ্যের পুরাকাশিয়া থানার বেলাবর গ্রামের বাসিন্দা চিকচিম সংমার ছেলে সেলিম মারার (২০), টিনেন্দ্র মারাকের ছেলে আগত সাংমা (২০) ও দুংশিং সাংমার ছেলে নেভাল সাংমা (১৮)।
এরা ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নকশি বিওপির ৪৫ বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ানের সুবেদার মোহাম্মদ আলী সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভারতীয় এ তিন যুবক বুধবার রাত ১০টার দিকে বাংলাদেশ ভারত- সীমান্তের ১১০১ নং পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। হাবিলদার খায়রুল আলমের নেতৃত্বে বিডিআরের টহল দল তাদের আটক করে।
এদের কাছ থেকে ২৮ হাজার ৫৮৫ টাকার শুটকি মাছ কুইচা মাছ ও আদা উদ্ধার করা হয়েছে। পরে বৃহস্পতিবার বিকেলে ভারতীয় তিন যুবককে উদ্ধার করা মালসহ ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির জানান, অবৈধ অনুপ্রবেশ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২২৩৬ ঘ.
bdnews24