ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সোমবার দুর্বল হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অন্য একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, লঘুচাপটির গতি উত্তর-পশ্চিম দিকে এবং সকাল ছয়টার দিকে এর অবস্থান ছিল বরিশাল ও এর আশেপাশে।
এদিকে, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ফারাহ দিবা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নুতন করে সৃষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে। একইসঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিকে সরে যেতে পারে।
তিনি জানান, সারাদেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এর প্রভাব সর্বোচ্চ। এ কারণে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সাগর উত্তাল থাকারও সম্ভাবনা রয়েছে।
নিুচাপের প্রভাবে চরাঞ্চলে দুই থেকে চার ফুট পানি বাড়তে পারে বলেও জানান ফারহা দিবা।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, পটুয়াখালী, বরিশাল. চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার নিুাঞ্চল ও চরে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতার পানিতে প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৭০ মিলিমিটার, লামায় ১৪৫, বরগুনায় ৮৫ দশমিক ৯, সাতক্ষীরায় ৬৭ দশমিক ৫০, খুলনায় ৬৫, কুড়িগ্রামে ৫২ ও সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পটুয়াখালী থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ ২১ রুটে ২য় দিনের মত লঞ্চ চলাচল বন্ধ রেখেছে জেলার নৌবন্দর কর্তৃপক্ষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এএল/জিএনএ/১২০০ঘ.
bdnews24