সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চার মাসের বাকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার পোশাক কারখানা 'ফ্যাশন টয়েজ গামের্ন্টস' এর শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে সাভার থানা পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ফিরে যায়।
শ্রমিকরা জানায়, প্রতিষ্ঠানের ১৪৫ জন শ্রমিক গত চার মাস ধরে বেতন পাচ্ছে না। বৃহস্পতিবারও বেতনের বিষয়ে কোনো আশ্বাস না পেয়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা বিকাল ৫টার দিকে কারখানার যন্ত্রপাতি বাইরে বের করে আনে এবং বিক্ষোভ করে।
খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পেীঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু সে সময় কারখানার কোনো কর্মকর্তাকে সেখানে পাওয়া যায়নি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির জানান, তিনি ফ্যাশন টয়েজ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার ফোন বন্ধ পান। পরে প্রতিষ্ঠানের পরিচালক হায়দার আলীর সঙ্গে কথা বলে শুক্রবার শ্রমিকদের বেতন পরিশোধ করতে বলেন তিনি।
এ ব্যাপারে আবুল খায়ের ফকির বলেন, "প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে শুক্রবার সকাল ১০টার মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে থানায় আসতে বলা হয়েছে। তা না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশের আশ্বাস পেয়ে শ্রমিকরা সন্ধ্যা ৬টার দিকে ফিরে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৩৬ ঘ.
bdnews24