২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে চার সাবেক সচিব দুদকে

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব এএইচএম নূরুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব মানিক লাল সমাদ্দার, সাবেক তথ্য সচিব মির্জা তাসাদ্দুক হোসেন বেগ ও সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 06:36 AM

Updated : 26 Aug 2022, 08:43 PM

ঢাকা, সে ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব এএইচএম নূরুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সাবেক সচিব মানিক লাল সমাদ্দার, সাবেক তথ্য সচিব মির্জা তাসাদ্দুক হোসেন বেগ ও সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হয়েছেন। বেলা ১২টা ৫০মিনিটের দিকে সাক্ষী দিয়ে বের হয়ে যান মানিক লাল সমাদ্দার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, "ওই ঘটনার সময় তারা সহায়তাকারী কর্মকর্তা হিসেবে ছিলেন। তবে এ পর্যায়ে তদন্তের স্বার্থে আর কিছু বলা যাবে না।" এই ঘটনায় তারা কোনো অপরাধবোধে ভুগছেন কি না সাংবাদিকদের এরকম প্রশ্নের জবাবে তিনি 'না' উত্তর দেন। দুপুর ১টা ৪০ মিনিটে সাবেক তথ্য সচিব মির্জা তাসাদ্দুক হোসেন বেগ দুদক কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, "তদন্তকারী কর্তৃপক্ষ যা জানতে চেয়েছে, তা-ই তাদের জানিয়েছি।" ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে তিনি কোনো অপরাধবোধে ভুগছেন কি না এ প্রশ্নের জবাবে বলেন, "কোনো প্রকার অপরাধ নেই, কিসের অপরাধবোধ।" এর আগে সোমবার সকাল ৯টা ৪০মিনিটে সর্বপ্রথম দুদক কার্যালয়ে হাজির হন এএইচএম নূরুল ইসলাম। তবে ১১টা ৫০ মিনিটে দুদক থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে তিনি অস্বীকৃতি জানান। ১০টা ৩৪ মিনিটে দুদকে পৌঁছান মানিক লাল সমাদ্দার। এর পরই পৌঁছান মির্জা তাসাদ্দুক হোসেন। বেলা সোয়া ১২টায় সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম কমিশন কার্যালয়ে ঢুকেন। রোববার দুদক কার্যালয়ে যান সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও সরকারী কর্ম কমিশনের (পিএসসি) বর্তমান চেয়ারম্যান ড. সা'দত হুসেই্ন এবং মন্ত্রী পরিষদ বিভাগের সাবেক যুগ্ম সচিব এটিকেএম ইসমাইল। গত ২৫ সেপ্টেম্বর এ মামলার তথ্য সংগ্রহের জন্য তৎকালীন ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য সাবেক ৫ মন্ত্রীকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরা হলেন, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূইয়া, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, কৃষিমন্ত্রী এম কে আনোয়ার ও তথ্য মন্ত্রী এম শামসুল ইসলাম। গত ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এ মামলায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে খালেদা জিয়ার এ দুর্নীতির বিষয়ে সে সময়ের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হয়। এজাহারে বলা হয়, অনভিজ্ঞতা ও অদক্ষতার যুক্তিতে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রথমে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) কার্যাদেশ বাতিল করলেও পরে খালেদা জিয়ার সুপারিশে তা অনুমোদন করে। গ্যাটকোকে কাজ দেওয়ায় বিভিন্ন সময়ে বন্দরের কর্মকাণ্ড ব্যাহত এবং এতে সরকারের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/আরএ/এএল/জিএনএ/১৪০০ ঘ.