২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কালো বাজারে বিক্রির অভিযোগে সার আটক

রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে কালোবাজারে বিক্রির অভিযোগে মঙ্গলবার রাতে ২৯ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কৃষকদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান রাতের অন্ধকারে এসব সার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা জাভেদ ইকবাল বাদী হয়ে সার ব্যবসায়ীকে আসামী করে তানোর থানায় একটি মামলা করেছেন।

অন্যদিকে ডিলারদের পরিবর্তে ব্যবসায়ীদের কাছে সার দেওয়ার কারণ দর্শানোর জন্য ইউপি চেয়ারম্যানকে নোটিস পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, সুষ্ঠুভাবে সারপ্রাপ্তি নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিটি ইউনিয়ন চেয়াম্যানকে ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রির দায়িত্ব দেওয়া হয়। বুধবার সকাল থেকে ওই সার বিক্রির কথা ছিল। কিন্তু চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মাফিজ উদ্দিন মঙ্গলবার রাত ৮টার দিকে চান্দুড়িয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নানের কাছে ২৬০ বস্তা সার বিক্রি করে দেন।

কৃষকদের কাছ থেকে এই অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস শা’দত রাতেই অভিযান চালিয়ে মান্নানের দোকান থেকে ২৯ বস্তা ইউরিয়া সার আটক করেন। এ সময় দোকানের মালিক পালিয়ে যায়।

বুধবার সকালে নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে কারণ দর্শাও নোটিস দেন। এ ছাড়া তার পরামর্শে কৃষি কর্মকর্তা জাভেদ ইকবাল দোকানদার আব্দুল মান্নানকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলায় সার ব্যবসায়ীকে আসামী করা হলেও ইউপি চেয়ারম্যান মাফিজ উদ্দিনের নাম কেন রাখা হয়নি সে বিষয়ে কৃষি কর্মকর্তা কিছু বলতে রাজি হননি।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “যার কাছে সার পাওয়া গেছে তার বিরুদ্ধেই মামলা হয়েছে।”

রাজশাহী থেকে চেয়ারম্যানের সঙ্গে বার বার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি বলেছেন, “যা করেছি, নিয়ম মেনেই করেছি।” তিনি ব্যবসায়ীর কাছে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন।