বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের কর্মসূচি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামী ১০ জানুয়ারি। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বাণীতে দেশবাসীকে সংগ্রামের শপথে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে হাসিনা বলেন, “বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে ১০ জানুয়ারির স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে আমাদের পালন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ এবং তাঁর সুদীর্ঘ সংগ্রামী ঐতিহ্য থেকে প্রেরণা নিয়ে দেশবাসীকে নতুনভাবে এগিয়ে যেতে হবে।”
তিনি নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশ ও পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর অবস্থান এবং প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “যে ষড়যন্ত্রের শিকার হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন, সে ষড়যন্ত্র পুনরায় জাল বিস্তার করছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনাকে গ্রাস করতে। ঘাতক--দালালদের হাতে জাতির চেতনা আজ বিপন্ন। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রচিন্তা আজ যুদ্ধাপরাধী ও তার দোসরদের হাতে জিম্মি। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”
দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ১০ জানুয়ারি দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
এর মধ্যে রয়েছে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবনে জমায়েত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। বেলা ২ টায় পল্টন ময়দানে মহাসমাবেশ।
দিনটিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন দলের সভাপতি মন্ডলের সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর।
