নিরাপত্তার অজুহাতে ইবির দুটি ছাত্রী হল বন্ধ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার নিরাপত্তার অজুহাতে বেগম ফজিলাতুননেসা মুজিব এবং খালেদা জিয়া ছাত্রী হল বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্দেশ পাওয়ার পর দুপুর ২ টার মধ্যে হল দুটির ছাত্রীরা হল ত্যাগ করে চলে যায়।
সূত্র জানায়, বেগম ফজিলাতুননেসা মুজিব হলে গত ১৮ ও ২০ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে হল কর্তৃপক্ষ হল দুটি বন্ধ ঘোষণা করেছে।
এ বিষয়ে খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ ড. মো. মহিবুল ইসলাম বলেন, রমজানের ছুটিতে হলে ছাত্রীদের উপস্থিতি কমে যাওয়ায় ছাত্রীদের সাথে পরামর্শ করেই হল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে প্রক্টর অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, নিরাপত্তার ব্যাপারে হল প্রাধ্যক্ষের পক্ষ থেকে তাকে কিছুই জানানো হয়নি।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করিম বলেন, হল বন্ধ করার বিষয়ে হল কর্তৃপক্ষ আমাকে লিখিতভাবে কিছু জানায়নি।
