২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পদ্মা নদীর ভাঙনে দেড় শতাধিক পরিবার গৃহহীন

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের তিনটি গ্রামে গত তিনদিনে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এর মধ্যে দু’টি গ্রামে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ভাজন ডাঙ্গা গ্রামে ৯০ টি ও গদাধরডাঙ্গি গ্রামে ৭০টি পরিবার নদী ভাঙনে কৃষি জমি ও বসত বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এ ছাড়া এ তিন গ্রামের প্রায় ২শ’ বিঘা কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ২ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বুধবার আলিয়াবাদ ইউনিয়নের ভাজন ডাঙ্গা, সাদীপুর ও গদাধরডাঙ্গি গ্রামের লোকজন জানান, গত তিনদিনে ভাজনডাঙ্গা, সাদীপুর ও গদাধরডাঙ্গি গ্রামে ভাঙন অব্যাহত থাকলেও ভাজনডাঙ্গা ও গদাধরজঙ্গি গ্রামে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।

গদাধর জঙ্গি গ্রামের ছাত্র ও নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া রুবেল হোসেন (২৫) জানান, মঙ্গলবার প্রথম দফায় ভাঙনে তাদের বাড়ি সহ গ্রামের প্রায় ১শ’ পরিবার নদী ভাঙনে বসত বাড়িসহ জমি হারিয়েছে। ২দিন বিরতির পর গত সোমবার থেকে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

গ্রামবাসী অভিযোগ করেন, এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন সংস্থার কেউ তাদের দেখতে আসেননি। কোনও সাহায্যও দেওয়া হয়নি।

এদিকে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তারা জানায়, উজানে প্রবল বর্ষনও বঙ্গোপসাগরে নিুচাপ সৃষ্টির ফলে পদ্মা নদী উত্তাল হয়ে পড়েছে। এ কারণে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

পদ্মা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় থেকে মুন্সীডাঙ্গি পর্যন্ত নির্মীয়মান শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশালী মোখলেসুর রহমান জানান, ফরিদপুরের ধলার মোড় থেকে চর ভদ্রাসনের হাজীগঞ্জ পর্যন্ত বাঁধ নির্মাণ করায় ওই এলাকায় ভাঙছে না। তিনি বলেন, পদ্মার গতি প্রকৃতি ঠিক বোঝা যাচ্ছে না। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে কিছুই করা যাচ্ছে না। পানি কমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমবার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের মেজর জেনারেল শরীফ উদ্দিন এবং ব্রিগেডিয়ার জেনারেল ইবনে নূর। ফরিদপুর শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের তদারকিতে থাকা মেজর রেজার নেতৃত্বে ৩৫ সদস্যের সেনা ইউনিটের সদস্যদের সঙ্গেও তারা আলাপ করেন।