কুমিল্লায় অজ্ঞাত ৩ যুবকের লাশ উদ্ধার
কুমিল্লা পুলিশ শনিবার সকালে জেলার বিভিন্ন থানা থেকে অজ্ঞাত পরিচয়ের ৩ যুবকের লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক ৩টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, দাউদকান্দি থানার টোলপ্লাজা সংলগ্ন মাইজপাড়ায় ভোরে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০) এবং একই থানার ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের আশরাফুজ্জামান ফিলিং স্টেশনের পাশে অপর এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
অপর ঘটনায় নবগঠিত কুমিল্লা সদর (দক্ষিণ) থানা পুলিশ স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের সাওড়াতলী থেকে অজ্ঞাত পরিচয়ের আরেক যুবকের (২৭) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
