দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ১২৬
ঢাকায় শাহ আলীর মাজারে বাসের চাপায় ৪ ভক্তসহ শনিবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ১২৬ জন আহত হয়েছে।
সূত্র জানায়, নগরীর মিরপুরে শাহ আলীর মাজারে শনিবার রাত তিনটার দিকে নিয়ন্ত্রণহীন একটি বাস ইবাদত-বন্দেগিরত ভক্তদের মধ্যে তীব্র গতিতে ঢুকে পড়লে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়।
পবিত্র শব-ই-বরাত উপলক্ষে শাহ আলীর মাজারে আসা নিহত ভক্তদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো রাজবাড়ি জেলার মুকুল হোসেন (১৭) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার হাজি আব্দুল মতিন। বাকি দুই জনের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে দুই মহিলাসহ তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো চঞ্চলা (৩৫), রহিমা (৩৬) ও ইয়াসিন (৫৫)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ ভক্ত ও উপস্থিত জনগণ ঘাতক মিনিবাসসহ চালক মিজান হাওলাদারকে (৩৬) আটক করে। গনধোলাই দিয়ে চালককে পুলিশে সোপর্দ করা হয়। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার দেশনাইল গ্রামে।
নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, তারা ঘাতক বাস ও চালক মিজানকে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ সাভার প্রতিনিধি জানায়, সাভারের রাজফুলবাড়িতে শুক্রবার ভোরে বাস ও ট্যাক্সিক্যাবের সংঘর্ষে ১ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িতে একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রী নামানোর সময় পেছন থেকে একটি ট্যাক্সিক্যাব ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্যাক্সিক্যাবের যাত্রী নাজমুল (২২) নিহত এবং চালকসহ অপর ৫ জন আহত হয়।
নিহত নাজমুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার পুনিন্দারচালা গ্রামের রাজ্জাক আলীর ছেলে।
আহতদের সাভার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহে গত দুদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।
সূত্র জানায়, ময়মনসিংহ--নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জে শনিবার দুপুরে বাস ও টেম্পুর মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলরে শুক্রবার সকালে মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসের চাকা ফেটে গেলে ঘটনাস্থলেই ১ জন নিহত এবং ৩০ জন আহত হয়। গুরুতর আহত আবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলো পারুল বেগম (৩০), নুরুল হক দেওয়ান (৪৫) ও তার মেয়ে শিউলী (১২)।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, জেলার রুপসা উপজেলার কুদীর বটতলায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা থেকে পিরোজপুরগামী একটি বাসের চাপায় গোলজার হোসেন নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় কামাল (২২),ফজলুর রহমান (৬০) ও হালিম (২৩) নামে তিন পথচারী আহত হয়।
আহতদের স্থানীয় সিএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ী শহরের স্টেডিয়াম এলাকায় শনিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে।
ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র শবে-বরাত পালন শেষে বগুরায় ফিরে যাওয়ার পথে ভক্তদের বহনকারী একটি বাস রাস্তার পাশের একটি দোকানে উঠে পড়লে এ ঘটনা ঘটে।
আহতরা হলো মজিরউদ্দিন (৬০), বাচ্চু (৩০), কামরুল (২২), মোল্লা (৫০), বাবু (৩০) ও ওসমান (৩০)।
ঘটনার পর পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-লহ্মীপুর মহাসড়কের কালিকাপুরে শনিবার বিকেলে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
নিহত বাহার (২৮) বাসের সহকারী।
দুর্ঘটনায় আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা--ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় শনিবার দুপুরে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহতের বাড়ি সদর উপজেলার রক্ষিতপাড়া গ্রামে।
