পাবনায় ছাত্র খুন
পাবনার আতাইকুলা থানায় চরমপন্থি ক্যাডাররা সোমবার ভোরে রফিকুল ইসলাম বকুল (২০) নামে এক ছাত্রকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। সে এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র ছিল।
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের পক্ষে এক ব্যক্তি এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
পুলিশ জানায়, ১০ থেকে ১২ জনের একদল চরমপন্থি সোমবার ভোরে বকুলকে বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মাঠের মধ্যে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
পুলিশ সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। বকুল আতাইকুলা থানার সোনাপুর গ্রামের নবির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এমএল জনযুদ্ধের পক্ষে এক ব্যক্তি নিজেকে রুহিত রায় পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করে সাংবাদিকদের জানায়, ‘নিহত বকুল জনযুদ্ধের নামে চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিল’।
