রাজশাহীতে পরিবহন শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে ১৫ পুলিশসহ আহত ৫০, অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
রাজশাহীতে পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে আজ সোমবার বিকেলে কয়েক ঘন্টাব্যাপী সংঘর্ষে ১৫ পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন পুলিশ ও এক বাস চালককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় ৫০টিরও বেশি গাড়ী ভাংচুর করা হয়। পুলিশ দুই শতাধিক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যার পর রাজশাহী থেকে দেশের সকল রুটে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিকাল ৪ টার দিকে সোনামসজিদ থেকে রাজশাহীগামী লাকী পরিবহনের একটি বাস নগরীর কাশিয়াডাঙ্গায় পুলিশ তল্লাশী উপেক্ষা করে চলে যাবার চেষ্টা করে। এসময় কর্তব্যরত হাবিলদার ইয়াদুল, কনস্টেবল সাখাওয়াত ও প্রশান্ত গাড়ীতে উঠে গাড়ীটি থামানোর চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে নগর ভবনের সামনে গাড়ীটিকে আটক করে এবং গাড়ির চালক আব্দুর রাজ্জাক ও হেলপার মিজানুর রহমানকে বেদম মারধর করে। এসময় উভয়পক্ষের হাতাহাতিতে তিন পুলিশও আহত হন।
মোটর শ্রমিকরা অভিযোগে বলেন, নগর ভবনের সামনে গাড়ীটি আটকে পুলিশ গাড়ীর চালক রাজ্জাক ও হেলপার মিজানকে বেদম মারধর করে। এই খবর নগরীর বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে টার্মিনালের সামনে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে।
পুলিশ জানায়, শ্রমিকরা টার্মিনালের সামনে ব্যারিকেড দিয়ে টার্মিনাল এলাকায় কর্তব্যরত পুলিশের উপর সশ¯ত্র হামলা চালায়। শ্রমিকরা টার্মিনাল পুলিশ বক্সেও হামলা করে বলে তিনি অভিযোগ করেন। এসময় শ্রমিকদের হামলায় পুলিশের এএসআই আব্দুল গনি, কনস্টেবল সাগর, নাহিদ, সাহাবুল, সবুজ , আব্দুস সালাম , জিয়াউল, মাহাবুব, আহাদসহ ২০ পুলিশ আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টার্মিনালসহ আশপাশের এলাকায় কর্তব্যরত পুলিশের উপর শ্রমিকদের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হওয়ার খবর পেয়ে বিভিন্ন থানা ও লাইন থেকে দুই শতাধিক পুলিশ টার্মিনালে পৌঁছেই ব্যাপক লাঠিচার্জ শুরু করে। পুলিশ সদস্যরা প্রথমেই হামলা করে ঢাকা বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্ডারে। পুলিশ একে একে তান্ডব চালিয়ে ৫০ টিরও বেশি বাস ভাঙচুর করে। এসময় পুলিশের একটি মোটর সাইকেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, টার্মিনাল এলাকায় বিক্ষুদ্ধ মোটর শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ বাধে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশও জবাবে টিয়ার সেল নিক্ষেপ করতে থাকে। এভাবে মোটর শ্রমিক ও পুলিশের মধ্যে বিকাল সাড়ে ৪ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী ধাওয়া - পাল্টা ধাওয়া চলে। এই সময়ে কিছু পুলিশ টার্মিনালের সামনের খাবার হোটেল ও ছোট ছোট দোকানসহ মোট ১০ টি দোকান ভাঙ্গচুর করে। নিউ পূর্ণিমা হোটেলের সাটার ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ২০/২৫ জন পুলিশ ব্যাপক তান্ডব চালায়। তারা খাবার ও টাকা পয়সা লুট ছাড়াও হোটেলের ম্যানেজার মুরাদকে মাটিতে ফেলে দিয়ে বুট দিয়ে গুরুতর আহত করে। মুরাদকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সময় রাজশাহীর সারদা পুলিশ একাডেমির আইন বিষয়ক প্রদর্শক পুলিশের ইন্সপেক্টর মোজাম্মেলকেও পুলিশ সদস্যরা ব্যাপক মারধর করে।
অন্যদিকে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় পুলিশের হামলা ও টিয়ার সেলে তাদের ৫০ জন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রায়হান, বাপ্পী, সুমন, আশরাফুল, সাইফুল, মতিন, রাজ্জাক, হকার বাপ্পী, মোজাম্মেল, বাবু, আজিবর, বিপুল, মাখন, মিলন, রবি, মুক্তারসহ ২০ জনকে। বাকীদের হাসপাতালের জরুরী বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা সন্ধ্যার পরে টার্মিনাল এলাকায় পুলিশী তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে শ্রমিক নেতারা দোষী পুলিশদের শাস্তি ও বিপুলসংখ্যক বাস ভাঙ্গচুরের ঘটনায় ক্ষতিপুরণ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছেন। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বোয়ালিয়া থানার ওসি আসলাম ইকবাল বলেন, সরকারী কাজে বাধা প্রদান, পুলিশকে মারধর করে আহত করা এবং ভাঙ্গচুরের অভিযোগে পুলিশ পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা করবে।
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পুলিশী তান্ডবের ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।
