নওগাঁয় ‘চরমপন্থী’দের সন্ধানে পুলিশ ও র্যাবের যৌথ অভিযান: ৬ জন আটক, আইজিপি ও ডেপুটি স্পিকারের ঘটনাস্থল পরিদর্শন
নওগাঁর বিস্তীর্ণ এলাকায় কথিত চরমপন্থীদের সন্ধানে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ছয় সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
পুলিশ শুক্রবার রাতে ও শনিবার নওগাঁর মান্দা, রাণীনগর, আত্রাই, রাজশাহী, তানোর, বাগমারা, এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জন কথিত চরমপন্থীকে আটক করে।
পুলিশ জানায়, চরমপন্থীদের সন্ধানে রাজশাহী, নওগাঁ ও নাটোর এই তিন জেলায় ‘রেড অ্যালার্ট’ জারী করা হয়েছে।
পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাজশাহী ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকে আটককৃতরা হচ্ছে -- নওগাঁর মান্দা উপজেলার কফিলউদ্দিন প্রমানিক (৪০), আকবর আলী (৩৫), মফিজুল ইসলাম (২৫), রাণীনগর উপজেলার গোলাম মোস্তফা (২৮), নিয়ামতপুর উপজেলার ইহছাক আলী মন্ডল (৫৮) এবং রাজশাহীর তানোর উপজেলার আব্দুল মজীদ (২৬)।
এছাড়া এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুটি পৃথক মামলা দায়ের করেছে। এর মধ্যে মান্দা থানার এসআই তোফাজ্জেল হোসেন বাদী হয়ে আজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা করেছেন।
এদিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং পুলিশের আইজিপি আনোয়ারুল ইকবাল শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং নওগাঁ পুলিশ লাইন মাঠে নিহত চার পুলিশ সদস্যের পৃথক পৃথক জানাযায় অংশ নেন।
নামাজে জানাযা শেষে ডেপুটি স্পিকার ও আইজিপি নিহত পুলিশ সদস্যের পরিবারবর্গকে সান্তনা দেন। তারা নিহতদের প্রত্যেকের পরিবারকে ব্যাক্তিগতভাবে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।
নামাজে জানাযা শেষে চারজন পুলিশ সদস্যর লাশ তাদের নিজ নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়।
এরআগে আইজিপি এবং স্থানীয় সাংসদ শামসুল আলম ওই ঘটনায় নিহত যুবদল নেতা নদের আলীর গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্তনা দেন। নামাজে জানাযা শেষে শনিবার বিকালে যুবদল নেতা নদের আলীর লাশ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের সময় আইজিপি অপরাধীদের ধরতে জনগণের সহায়তা কামনা করেন।
পরে হাটের একটি ঘরে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে আইজিপি অস্ত্র উদ্ধার ও চরমপন্থীদের গ্রেপ্তার করার জন্য নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নাটোর ও রাজশাহী জেলায় কম্বিং অপারেশন শুরু করার নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অপরাধী যারাই হোক তাদের গ্রেপ্তার করা হবে। তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ জানা যাবে।
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টায় কথিত চরমপন্থী দলের সদস্যরা মান্দা থানার চার পুলিশসহ পাঁচজনকে জবাই ও গুলি করে হত্যা করে। এ সময় পুলিশ ও চরমপন্থীদের গুলি বিনিময়ে আহত হয় ৫০ জন। চরমপন্থীরা নিহত চার পুলিশের চারটি রাইফেল ও প্রায় ১০০ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
