জলে ভাসছে এবার অভিনব ‘রিভার অ্যাম্বুলেন্স’
উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে এবার জলে ভাসছে অভিনব ‘রিভার অ্যাম্বুলেন্স’।
বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ আগামী মাসে বৃহত্তর রংপুর অঞ্চলের যমুনা নদীতে অত্যাধুনিক এই রিভার অ্যাম্বুলেন্স চালু করছে। সেবামূলক এই সংস্থাটি একটি মাত্র ইঞ্জিন - নৌকা দিয়ে আপাতত: কুড়িগ্রাম - গাইবান্ধা অঞ্চলে সীমাবদ্ধ রাখছে এই অ্যাম্বুলেন্স সেবা।
ফরাসী নাগরিক ঈভস মার পেশায় নৌ স্থপতি আর তার স্ত্রী রুনা খান মার টাঙ্গাইলের মেয়ে, অশোকা ফেলো। এই দম্পতি বছর তিনেক হলো উত্তরবঙ্গের চরাঞ্চলে পরিচালনা করে আসছেন একেবারে নিখচার জাহাজ -- হাসপাতাল ‘লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটাল’। তারাই এই রিভার অ্যাম্বুলেন্সের উদ্যোক্তা।
রুনা মার তাদের ওই অভিনব রিভার অ্যাম্বুলেন্স প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, আপাতত একটি ২০ মিটার দীর্ঘ ও ছয় মিটার কামরা বিশিষ্ট রিভার অ্যাম্বুলেন্স শুধু দুর্গম চরাঞ্চল থেকে রোগি লাইফবয় ফ্রেন্ডশিপ হসপিটালে আনা -- নেওয়ার কাজে ব্যবহার হবে। প্রয়োজনে রোগিকে পৌঁছে দেওয়া হবে আশেপাশের জেলা হাসপাতালেও।
রুনা বলেন, বাংলাদেশে তো বটেই প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অ্যাম্বুলেন্স এখনো চালু হয়নি। অথচ নদীবহুল দেশগুলোতে জরুরী রোগিকে হাসপাতালে পৌঁছে দিতে এ ধরনের অ্যাম্বুলেন্স খুবই উপযোগী।
তার মতে এ ধরনের রিভার অ্যাম্বুলেন্স দেশে আরো চালু হওয়া উচিত। সরকারি - বেসরকারি উদ্যোগে যে কেউ এ ধরনের অ্যাম্বুলেন্স চালু করতে চাইলে আমার তাদের নৌকার নকশা ও অন্যান্য পরামর্শ দিয়ে সহায়তা করতে চাই।
কিন্তু চরাঞ্চলের জরুরী রোগির খবর পাওয়া যাবে কীভাবে, তা জানতে চাইলে রুনা মার বিডিনিউজকে বলেন, আমরা প্রায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চরগুলোতে যে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রসহ অন্যান্য প্রকল্প চালু করেছি, সে সব এলাকায় একটি করে মোবাইল টেলিফোন দিয়েছি। টেলিফোনে দ্রুত খবর পৌঁছে যাবে, অ্যাম্বুলেন্সের ডাক্তারসহ অন্যান্য পরিচালকদের কাছে।
তিনি জানান, ফ্রেন্ডশিপ রিভার অ্যাম্বুলেন্সকে ‘জোয়াক’ নামে একটি ব্রিটিশ সংস্থা আর্থিকভাবে সহায়তা করছে।
