২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশী ও বিদেশী কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতীয়মান করতে চায়: পেশাজীবীদের অভিমত

দেশী ও বিদেশী কুচক্রী মহল বংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে দেশের মান মর্যাদা ভুলুণ্ঠিত করার প্রচেষ্টায় লিপ্ত। তারা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতীয়মান করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 04:53 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিদেশী সাহায্যপুষ্ট এক শ্রেণীর দালালগোষ্ঠীর সাম্প্রতিক তৎপরতা এ ধরনের অপকর্মের সর্বশেষ নমুনা।

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়।

বিনিয়োগ র্বোডের চেয়ারম্যান, জ্বালানী উপদেষ্টা এবং সংগঠনের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, কৃষিবিদ জাবেদ ইকবাল, অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, গিয়াস কামাল চৌধুরী, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক এবং মহাসচিব রুহুল আমিন গাজী প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশপ্রেমে দীক্ষিত এবং গণতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে সর্বস্তরের পেশাজীবীদের নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ মেধা, দক্ষতা এবং উৎকর্ষতা সাধনের লক্ষ্যে এই পরিষদ সক্রিয় থাকবে। প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিভিন্ন জাতীয় সংকটে একই প্লাটফরমে ঐক্যবদ্ধ পেশাজীবীরা দুঃস্থ জনগণের পাশে আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে। পাশাপাশি সংবিধানে বর্ণিত বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতা নিয়ে সবার আগে নিয়োজিত থাকবে এই পরিষদ।

সম্মেলনে বলা হয়, দেশে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। বিশেষ করে শিল্প, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো খাতে। আঞ্চলিক ও বিশ্বব্যাপী সন্ত্রাস এবং রাজনৈতিক অস্থিরতা সত্বেও এসবই সম্ভব হয়েছে সুশাসন, পেশাজীবীদের ঐকান্তিক প্রয়াস আর জনগণের সার্বিক অংশগ্রহণে।

মাহমুদুর রহমান বলেন, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে এবং পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দেশের বর্তমান অগ্রগতি ধরে রাখার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। একটি শ্রেণী দেশের উন্নয়নকে অস্বীকার করতে চায়। আমরা তাদের বিরুদ্ধে প্রকৃত তথ্য দিয়ে দেশের বাস্তব চিত্র তুলে ধরতে চাই।