রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
রাজধানীতে শুক্রবার ভোরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাড্ডাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রথম দুর্ঘটনাটি ঘটে।
এতে দু’ জন মারাত্মকভাবে আহত হয়। আহতদেরকে হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
সারুলিয়া যাওয়ার পথে যাত্রাবাড়ীর কাজলা তিন রাস্তার মোড়ে একটি হলুদ ট্যাক্সিক্যাব রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলে অপর দুর্ঘটনাটি ঘটে। এতে তিনজন গুরুতরভাবে আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
