ভারতে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে চোরাই বাংলাপিডিয়া
বাংলাদেশের প্রথম জ্ঞানকোষ বাংলাপিডিয়ার জনপ্রিয়তা এখন এতোই বেশী যে এটি এখন পুস্তক ও সিডি আকারে দেশে -- বিদেশে দেদারসে বিক্রি হচ্ছে। এমনকি ভারতের কলকাতা ও দিল্লীতে অন লাইন বিজ্ঞাপন দিয়ে এসব চোরাই বই পুস্তক ও সিডি আকারে বিক্রি হচ্ছে।
ঢাকার নিমতলীতে এশিয়াটিক সোসাইটির কার্যালয়ে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাপিডিয়ার উদ্যোক্তারা এ কথা জানান।
তাদের মতে, জনপ্রিয়তার বড় প্রমাণ হচ্ছে, প্রকাশনার দুবছরের মাথায় বাংলাপিডিয়ার সব পুস্তক (বাংলা ও ইংরেজীতে ১০ খণ্ডের ১৩ হাজার সেট) বিক্রি হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক হারুন -- অর -- রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক সাজাহান মিয়া, অধ্যাপক কেএম মহসিন, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও অধ্যাপক দুলাল চন্দ্র ভৌমিক।
অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ অসহায়ত্ব প্রকাশ করে বলেন, এসব চোরাই প্রকাশনা বন্ধ করার কোনো উপায় নেই। প্রতিবাদ করেও ফল হবে না জেনে আমরা এর কোনো প্রতিবাদও করছি না।
তিনি বলেন, সারা বিশ্বই এখন চোরাই প্রকাশনা নিয়ে উদ্বিগ্ন। শক্তিশালী আইন করেও কোনো ফল হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে বাংলাপিডিয়ার দ্বিতীয় সংস্করণ ও ছোটদের বাংলাপিডিয়া প্রকাশ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথমটির জন্য ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা। এটি ২০০৮ সাল নাগাদ প্রকাশ হওয়ার কথা। দ্বিতীয় সংস্করণে ভুল --ত্র“টি দূর করা ছাড়াও উল্লেখ করা হবে বিভিন্ন তথ্যসূত্র। ছোটদের বাংলাপিডিয়ার ব্যয় ধরা হয়েছে তিন কোটি টাকা। এটিও ওই একই বছর প্রকাশ করা হবে।
এতে আরো জানানো হয়, ২০০৪ সালে হাতে নেওয়া পাঁচ বছর মেয়াদী ‘এনসাইক্লোপিডিয়া অব ফ্লোরা অ্যান্ড ফাউনা অব বাংলাদেশ’ প্রকাশের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় কোটি টাকা। এতে বাংলাদেশের প্রায় ছয় হাজার প্রাণী ও ছয় হাজার গাছপালার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে।
ওই গ্রন্থের প্রধান সম্পাদক ড. কামাল উদ্দিন সিদ্দিকী বলেন, দেশী গাছপালা ও প্রাণী বৈচিত্র্য রক্ষা করার ক্ষেত্রেও প্রকাশনাটি সহায়ক ভূমিকা পালন করবে। নিম গাছ, ধান বীজসহ অন্যান্য গাছপালা ও জীবজন্তুর পেটেন্ট চুরি বন্ধ করার জন্যও গ্রন্থটি প্রকাশ করা জরুরি।
