আহমদ ছফা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
আহমদ ছফা স্মৃতি বক্তৃতার মূল বক্তা চিন্তাবিদ নূর মোহাম্মদ বলেছেন, বর্তমানে ইরাক ও আফগানিস্তানসহ মুসলমান অধ্যুষিত নানান দেশে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে ধর্মের একটা ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।
‘পাশ্চাত্য সভ্যতা’ নামে সাম্রাজ্যবাদ লড়াই চালাচ্ছে ‘মুসলিম’ নামের অধস্তন জাতিগুলির বিরুদ্ধে। এই অবস্থায় আগ্রাসী শক্তি আমেরিকার সাথে ভারত ইউনিয়ন রাষ্ট্রের সরকার ও শাসক শ্রেণী আঁতাত গড়ে তুলেছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে আহমদ ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রাম - ঔপনিবেশিক আধুনিকতা, ধর্ম ও সাম্প্রদায়িকতা’ শীর্ষক মূল বক্তব্য পাঠ করেন প্রবীণ চিন্তাবিদ নূর মোহাম্মদ।
এতে সভাপতিত্ব করেন ড. কাজী কামরুজ্জামান ও বক্তব্য রাখেন ড. জহিরুল ইসলাম, প্রাবন্ধিক সলিমুল্লাহ খান প্রমুখ।
বক্তব্যে আরো বলা হয়, রেনেসাঁস, আধুনিকতা, জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা একই বীণার তার। বস্তুত জাতীয়তা অর্থ হিন্দু জাতীয়তা, এই ধারণাটিকে কোন প্রাক্ আধুনিক ধর্মীয় মতাদর্শের ভগ্নাবশেষ বলে ভাবলে মারাত্মক ভুল করা হবে। ধারণাটি সম্পূর্ণ আধুনিক।
