মিরপুরে দুটি অগ্নিকাণ্ডে ১জন নিহত, ১০ কোটি টাকার সম্পদ পুড়ে ছাই, আপডেট
রাজধানীর মিরপুরে বেনারসী পল্লী ও একটি গার্মেন্টস কারখানায় পৃথক অগ্নিকাণ্ডে একজন নিহত ও ২৫ জন আহত এবং প্রায় দশ কোটি টাকার গার্মেন্টস সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
বেনারসী পল্লীতে বৃহস্পতিবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডে আবু মোতালেব (২২) নামে এক তরুণ জীবন্ত দগ্ধ হয়। বরিশালের বাসিন্দা মোতালেবের সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, অগ্নিকান্ডে অবাঙালী অধ্যুষিত বেনারসী পল্লীর প্রায় ৮০০ কাঁচা - ঘর ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মীসহ আহত হয় আরও প্রায় ২৫ জন। প্রচন্ড গরম এবং প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের উৎস সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে বুধবার গভীর রাতে পল্ল¬বীতে কোরিয়ার সাথে যৌথ মালিকানাধীন রিসেন্ট গার্মেন্টসে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার গার্মেন্টস সামগ্রী বিনষ্ট হয়েছে বলে ফ্যাক্টরী সূত্র দাবি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আটটার দিকে কারখানা ছুটির পর কর্মরত প্রায় ১৪০০ শ্রমিক চলে যায়। পরে রাত সোয়া ১০ টার দিকে আট তলা গার্মেন্টসের সাত তলায় আগুন লাগে। মুহুর্তের মধ্যে তা ভবনের ষষ্ঠ তলায় এবং পাশের পাইওনিয়ার গার্মেন্টস কারখানাতেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ভবনটি অনেক উচুঁ হওয়ায় এক পর্যায়ে অগ্নিনির্বাপক গাড়ির হাইড্রোলিক সিস্টেম নষ্ট হয়ে যায়। সেটা ঠিক করতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায়। পরে রাত ২টার দিকে দমকল বাহিনীর আরও দুটি গাড়ি আসে। মোট ১২টি ইউনিট সাত ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত কারখানাটির মালিক জানান, সাত তলায় রাখা গার্মেন্টসের কাপড় এবং টি-শার্ট তৈরির সব সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
