কুমিল্লা, কিশোরগঞ্জ এবং কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৫
কুমিল্লা, কিশোরগঞ্জ এবং কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।
বিডিনিউজের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবাহী ট্রাক (নং-নরসিংদী--ট--০২--০১৭৬)’র সাথে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী বিলাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বাস চালক ফারুক (৩৫) ঘটনাস্থলেই নিহত এবং সাতজন আহত হয়।
নিহত বাস চালক ফারুক চাঁদপুর জেলার শাহরাস্তী থানার নোয়াগাঁও গ্রামের হাসান আলীর পুত্র।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটিকে আটক করতে সক্ষম হয়েছে।
বিডিনিউজের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলার করিমগঞ্জ উপজেলার জহিরকোন গ্রামে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়।
নিহতের নাম হুসনা আক্তার (২৩৮)। সে করিমগঞ্জ উপজেলার কিরাতন বিলপাড়ার আব্দুল আওয়ালের স্ত্রী।
পুলিশ বিডিনিউজকে জানায়, একটি দ্রুতগামী মোটর সাইকেল রিক্সাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিক্সারোহী হুসনা রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়।
হুসনাকে আশঙ্কাজনক অবস্থায় করিমগঞ্জ হাসপাতালে নেয়া হলে দুপুর ১টায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহতরা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডিনিউজের কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, কেরানীগঞ্জের ইমামবাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর ৩টার দিকে নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো--জ--১৪০৪৫৯) ঢাকা থেকে দোহার যাচ্ছিল। বাসটি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ভ্যান ও একটি রিক্সাকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
