সাংবাদিক শামসুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার সাংবাদিক শামসুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
যশোর সাংবাদিক ইউনিয়ন বিকেলে যশোরের ভৈরব শহীদ চত্বরে নির্যাতন বিরোধী সাংবাদিক সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, শামসুর রহমান হত্যার বিচার চাইতে চাইতে আজ আমরা ক্লান্ত।
তারা বলেন, দেশের সবাই এখন ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে। আর এ অবস্থায় সাংবাদিকরা নিরাপদে থাকবে একথা ভাবাই যায় না।
যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অবজারভার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, আব্দুল জলিল ভূঁইয়া, ফারাজী আজমল হোসেন, আলতাফ মাহমুদ, ওমর ফারুক প্রমুখ।
এদিকে শামসুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাব একটি স্মরণ সভার আয়োজন করে।
দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার শামসুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাত ৮টা ২০ মিনিটে পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
