২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সীমান্তে উত্তেজনা, গুলি বিনিময়, ১ বাংলাদেশী ও ১ ভারতীয় নাগরিক নিহত

যশোরে রঘুনাথপুর ও বেনাপোলের পটুখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নিহত বাংলাদেশী যুবকের নাম একরামুল (২৫)। ভারতীয় নাগরিকের নাম জানা যায় নি।

সূত্র জানায়, বুধবার রাতে বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালালে বাংলাদেশী যুবক একরামুল নিহত হয়।

পরে একই রাতে বিএসএফ বেনাপোলের কাছে কাশকোণা সীমান্তে সাত রাউন্ড গুলি চালায়। এতে তিন বাংলাদেশী আহত হয়। আহতদের মধ্যে সরো নামে একজন বাংলাদেশের সীমান্তের মধ্যে আসতে পারলেও অন্য দুই জনের খোঁজ মেলেনি।

এদিকে, বৃহস্পতিবার সকালে বেনাপোলের কাছে পটুখালী সীমান্তে বিএসএফ আরও তিন রাউন্ড গুলি চালায়। এতে অজ্ঞাত পরিচয় ওই ভারতীয় নাগরিক নিহত হয়। গুলিরে জবাবে পটুখালী বিডিআরও তিন রাউন্ড গুলি চালায় বলে সূত্র জানায়।

যশোরের ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহিদুল হক জানান, গোলাগুলির ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে বিডিআর--বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

মুম্বাই নগরীতে সিরিজ বোমা হামলার পর বিএসএফ সীমান্তে কড়াকাড়ি আরোপ করে। এতে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভ্রমণকারীদের যাতায়াত কমে গেছে।