পটুয়াখালীতে অব্যাহত লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
পটুয়াখালীতে বিদ্যুতের লোডশেডিং এবং লো--ভোল্টেজ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর ফলে জেলার শিল্প-কলকারখানা, ব্যবসা-প্রতিষ্ঠান সমূহ আর্র্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে।
জেলার পৌর কর্তৃপক্ষ জানায়, অব্যাহত লোডশেডিং এর কারণে ডানিডা’র ওভার হেড ট্যাংকে পানি উত্তোলন সম্ভব না হওয়ায় পানি সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। ফলে প্রায় ৬০ শতাংশ মানুষ পানি সংকটে পড়েছে।
পটুয়াখালী জুট মিলের উপ-মহাপরিচালক খন্দকার মোহাম্মদ রুহুল আমিন বিডিনিউজকে জানান, বিদ্যুতের অভাবে জুট মিলের উৎপাদন ব্যাহত হচ্ছে। মিলে গড়ে ১৫ থেকে ১৬ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে মিলের উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছে। এর ফলে মিলের প্রায় সাত হাজার শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় মৎস ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের অভাবে শত শত বরফ কলে উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে কুয়াকাটাসহ উপকূলীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ইলিশসহ বিভিন্ন রপ্তানীযোগ্য মাছ পানির দামে আড়তগুলোতে সরবরাহ করতে বাধ্য হচ্ছে।
স্থানীয়রা জানায়, লো--ভোল্টেজের কারণে বাসা-বাড়ির টিভি, ফ্রিজসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী অকেজো হয়ে পড়েছে। এছাড়া ফুটবল প্রেমীরা বিশ্বকাপ খেলা দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে উঠেছে।
