বান্দরবানের লামায় পাঁচ দিনে ডায়রিয়ায় ৮ জনের মৃত্যু
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় আবারও ডায়রিয়া মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। গত পাঁচ দিনে আদিবাসী ম্রো সম্প্রদায়ের ৮ জন এ রোগের প্রকোপে মারা গেছে। আক্রান্ত হয়েছে কমপক্ষে দুই শতাধিক।
সূত্র জানায়, লামার গজালিয়া ইউনিয়নের ম্রো পাড়ায় ডায়রিয়া মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। আদিবাসী জনগোষ্ঠীর লোকজন দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে এসে চিকিৎসা নিতে পারছে না।
অভিযোগ রয়েছে, ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের থাকার কথা থাকলেও তারা কর্মস্থলে উপস্থিত থাকেন না।
ম্রো পাড়ার লোকজন জানায়, তাদের পাড়ার শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে এবং তাদের পাড়াসহ আশেপাশের আরো দুই শতাধিক লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা জানান, ডায়রিয়া ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম উপদ্রুত এলাকায় পাঠানো হয়েছে।
