নরসিংদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামে বৃহস্পতিবার দুই সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ শুক্রবার এ কথা জানায়।
পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন লিটনের সাথে ১১ বছর আগে পার্শ্ববর্তী বাড়ির সাফি মিয়ার মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী লিটন যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে আসছিল।
ঘটনার দিন বিকেলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী লিটন জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়। এতে তার মৃত্যু হয়। পরে ঘাতক স্বামী বিষয়টিকে আত্মহত্যা বলে প্রচার করে।
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে।
