বিশ্বকাপে পেনাল্টি পরীক্ষার জন্য প্রস্তুত ইংল্যান্ড
জার্মানীতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের পূর্ব প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের কোচ সভেন গোরান এরিকসন এরই মধ্যে স্থির করে ফেলেছেন যে, ইংল্যান্ড দল পেনাল্টির মুখোমুখি হলে কোন্ কোন্ খেলোয়াড় পেনাল্টি কিকে অংশ নেবেন।
এরিকসনের প্রথম পছন্দের তালিকায় ফ্রাংক ল্যাম্পার্ড, ডেভিড বেকহ্যাম, মাইকেল ওয়েন ও স্টিভেন গেরার্ডের নাম রয়েছে।
এরপর এরিকসন পেনাল্টি শ্যুটের জন্য এ্যাশলি কোল, ওয়েন হারগ্রেভেন ও জন টেরিকে বেছে নিয়েছেন।
এরিকসন জানালেন, ইংল্যান্ড যদি এবারের বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে তবে অতীতের পরিসংখ্যান অনুযায়ী অন্তত একটি পেনাল্টি পাবার সম্ভাবনা ইংল্যান্ডের রয়েছে। তাই, ক্লাব পর্যায়ে যারা পেনাল্টি কিক নিয়ে থাকে তাদের থেকেই শ্যুটার নির্বাচন করা হয়েছে।
অভিজ্ঞ ল্যাম্পার্ড, গেরার্ড, ওয়েন ও অধিনায়ক বেকহ্যাম তাদের নিজেদের ক্লাবের পক্ষে পেনাল্টি শ্যুটে অংশ নিয়ে থাকেন। বিশ্বকাপের প্রতিটি খেলাতেই তারা সম্পূর্ণ সময়ের মধ্যে মাঠ কাঁপাবেন বলে জানালেন এরিকসন।
সম্প্রতি হাঙ্গেরীর সাথে প্রীতি ম্যাচে পেনাল্টি মিস করা সত্বেও ল্যাম্পার্ডই পেনাল্টির ক্ষেত্রে ইংল্যান্ডের মূল ভরসা হয়ে আছেন।
ইতিপূর্বে বেশ কয়েকবার পেনাল্টির কারণেই ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে। ১৯৯০ সালের ইটালী বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে পেনাল্টিতে ৪-৩ গোলে হেরে গেলে ইংল্যান্ড ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ২০০২ সালের কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে ইংল্যান্ড ভাগ্য নির্ধারনী পেনাল্টিতে ৬-৫ গোলে হেরে যায়।
তবে জার্মানীতে এমন ঘটনা ঘটতে যাচ্ছে না বলে মনে করছেন এরিকসন। ‘আমরা এখন পেনাল্টি নিয়ে অনেক প্র্যাকটিস চালাচ্ছি। আমাদের গোলরক্ষক পল রবিনসন পেনাল্টি রক্ষায় খুব দক্ষ’ জানালেন এরিকসন।
