বিচারক হত্যা মামলা: শায়খ, বাংলা ভাইসহ ৭ জনের মৃত্যুদন্ড
ঝালকাঠির বিচারক হত্যা মামলায় জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ ৭ জনকে মুত্যুদন্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনোয়ারুল হক জনাকীর্ণ আদালতে সোমবার র্যাব - পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই বিচারক হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মুত্যুদন্ডপ্রাপ্ত অপর পাঁচ জন হলো আতাউর রহমান সানি, আব্দুল আউয়াল, খালেদ সাইফুল্লাহ, ইফতেখার হাসান আল মামুন এবং আসাদুল ইসলাম আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক।
আদালত অপর আসামী সুলতান হোসেনকে খালাস দিয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর সরকারি বাসভবন থেকে মাইক্রোবাসযোগে আদালতে যাওয়ার সময় জেএমবি’র আত্মঘাতি বোমা হামলায় ঝালকাঠি জজশীপের দু’ সিনিয়র সহকারি জজ সোহেল আহম্মদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার হয় সুইসাইড স্কোয়াড সদস্য ইফতেখার হাসান আল মামুন।
এ ঘটনায় জেলা জজশীপের পিওন আব্দুল মান্নান ও এক পথচারী দুধ বিক্রেতা আহত হন।
ঘটনার পর জজশীপের গাড়িচালক সুলতান আহম্মেদ খান বাদী হয়ে ঝালকাঠি থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। এর একটি খুনের দায়ে এবং অপরটি বিষ্ফোরক আইনে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র স্পেশাল এএসপি মুন্সি আতিকুর রহমান আটজনের বিরুদ্ধে গত ২১ মার্চ ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক আসামিদের উপস্থিতিতে ১৮ এপ্রিল মামলাটি আমলে নেন। ২৩ এপ্রিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মামলার চার্জ গঠন এবং ২৮ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত মোট আটটি কার্যদিবসে ৫৩ জন সাক্ষীর মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ১৫ মে আদালত আসামিদের বক্তব্য শোনেন। ১৮ মে এ মামলার যুক্তি - তর্ক উপস্থাপন করা হয়।
মামলায় সরকার পক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট হায়দার হুসাইন। অ্যাডভোকেট সিদ্দিক হোসেন আসামি পক্ষের সরকার নিয়োজিত আইনজীবী ছিলেন।
তবে জেএমবি’র নেতারা মামলার শুরু থেকেই আইনজীবীর সহায়তা নিতে অস্বীকৃতি জানায়। জেএমবি নেতারা স্টেট ডিফেন্স আইনজীবীকে বিভিন্নভাবে কটুক্তি ব্যঙ্গ - বিদ্রুপ করায় তিনি শুধুমাত্র ঝালকাঠির কৃষ্ণকাঠি এলাকার সুলতান হোসেনের পক্ষে যুক্তি - তর্ক উপস্থাপন করেন এবং সে নিরাপরাধ বলে দাবি করে তাকে এ মামলা থেকে রেহাই দেওয়ার আহবান জানান।
এদিকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ সাত জঙ্গিকে যাবজ্জীবন ও ১০ বছর করে সশ্রম কারাদ- প্রদান করেছে।
