২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি অধ্যাদেশ ’৭৩ সময়োপযোগী করার দাবি

নগরীর এক সেমিনারে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, ১৯৭৩ পরিবর্তনের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 09:39 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

শহীদ আব্দুল মালেক ফাউন্ডেশন আয়োজিত ‘এক্সিসটিং এডুকেশন মেকানিজম অব দি ইউনিভার্সিটি অব ঢাকা অ্যান্ড এক্সপেকটেড স্ট্যান্ডার্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান। 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান। এতে বলা হয়, ১৯৭৩ সালের অধ্যাদেশ সময়োপযোগী করার স্বার্থে এর পরিবর্তন প্রয়োজন।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য রাখেন। এতে আরো বত্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদেক খান, শহীদ আব্দুল মালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মাহমুদ হাসান, অধ্যাপক আবু আহমেদ প্রমুখ। 

অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, বিশ্বয়নের যুগে শিক্ষার্থীদের প্রতিযোগীতা করতে হবে। সুশিক্ষা এবং আত্মবিশ্বাস শিক্ষার্থীদের যে কোনো জায়গায় স্থান দিতে পারে।

তিনি এর বিরুদ্ধে যেনো কোনো নেতিবাচক আন্দোলন না গড়ে ওঠে, সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষক নিয়োগের  যে নীতিমালা এ পরিকল্পনায় দেওয়া হয়েছে,  তা শিক্ষকদের স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য করা হয়েছে।

অধ্যাপক আবু আহমেদ বলেন, ’৭৩ এর অধ্যাদেশ সুচিন্তার ফসল নয়। তাই এ অধ্যাদেশ সংশোধন করতে হবে। এখন বিশ্ববিদ্যালয়ে কোটা সন্ত্রাস শুরু হয়েছে। কোটা নয় মেধাকে প্রশ্রয় দিতে হবে।