২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচার সম্পন্ন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শুক্রবার চারঘন্টাব্যাপী রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ’র অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুন্সী ফয়েজ আহম্মেদ ও সংশ্লিষ্ট চিকিৎসকরা রাষ্ট্র্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরীকে জানান, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে এই অস্ত্রোপচার শুরু হয় এবং তা দুপুর ১২টা পর্যন্ত চলে।

হৃদরোগ সার্জারি বিশেষজ্ঞ বিখ্যাত চিকিৎসক এমসি টং এই অস্ত্রোপচার করেন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মরিস চু ও রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্ণেল শেখ বাহার হোসেন চিকিৎসক এমসি টং কে অস্ত্রোপচারের সময় সহযোগিতা করেন।

চিকিৎসকরা রাষ্ট্রপতির প্রেস সচিবকে জানান, রাষ্ট্রপতির তিনটি মেজর ব্লক অভারকাম করতে চারটি ভালো ভেসেল্স-এর ওপর চারটা গ্রাফট লাগিয়ে কমিউনিকেশনের ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচারে প্রেস সচিব সন্তোষ প্রকাশ করেন। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের সময় কোন ধরনের জটিলতা হয়নি। তারা আরও জানান, পোস্ট অপারেটিভে কোন জটিলতা বা ইনফেকশন ইত্যাদি যাতে না হয় সে বিষয়টি সবচেয়ে জরুরি।

রাষ্ট্রপতিকে অপারেশন থিয়েটার থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে ফেরত আনা হয়েছে। রাষ্ট্রপতির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাঁকে দুইদিন আইসিইউ-তে রাখা হবে।