২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ, বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর, মোশরেফা মিশুসহ ৪০ জন ৫ দিনের রিমান্ডে

গাজীপুরে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মঙ্গলবারের নৈরাজ্যের পর বুধবারও সকল ফ্যাক্টরি বন্ধ ছিলো। বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ, ভাংচুর হলেও শ্রমিক আন্দোলন মূলত স্তিমিত হয়ে আসে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

এদিকে মঙ্গলবারের সহিংস ঘটনায় জয়দেবপুর থানায় তিনটি মামলা হয়েছে। এতে ২৯জনের নামোল্লেখসহ আসামি করা হয়েছে দুই হাজার জনকে। গাজীপুর থেকে মঙ্গলবার গ্রেপ্তারকৃত গার্মেন্টস ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ ৪০জনের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুরের সালনা, তারগাছ, বড়বাড়ী এলাকায় কয়েকশ’ আন্দোলনকারী বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরির জানালার কাঁচ ভাংচুর করা হয়।

দুএকটি স্থানে আন্দোলনকারীরা গার্মেন্টসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এনিয়ে পুলিশ ও বিডিআর--এর সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া--পাল্টা ধাওয়া হয়েছে।

নতুন করে ভাংচুর, নৈরাজ্য ঠেকাতে বুধবার ভোর থেকেই টঙ্গী থেকে শ্রীপুর ও কালিয়াকৈর পর্যন্ত ঢাকা--ময়মনসিংহ মহাসড়কে বিপুল সংখ্যক বিডিআর, দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। র‌্যাবের টহলও ছিলো চোখে পড়ার মত।

তবে এসব কারখানার মালিক--শ্রমিকদের আশ্বস্ত করতে পারেনি। অধিকাংশ কারখানা ছিলো বন্ধ। যে কয়েকটি খোলা ছিলো, তাতেও শ্রমিকরা কাজে যোগ দেননি।

কয়েকশ’ শ্রমিক বড়বাড়ী এলাকায় সকাল ৯টার দিকে মিছিল বের করে মুন লাইট গার্মেন্টস কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এসময় বিডিআর ও পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আবার একত্রিত হয়ে তারা ঢাকা--ময়মনসিংহ সড়কে ওঠার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া--পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা ওই স্থান ত্যাগ করে।