২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূয়া ভোটার তালিকা তৈরি করে ইসি সদস্যরা অপরাধ করেছেন বলে দেশের শীর্ষস্থানীয় আইনজ্ঞদের অভিযোগ

দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজসহ নির্বাচন কমিশন সদস্যদের বিরুদ্ধে ভূয়া ভোটার তালিকা তৈরির কাজকে অপরাধমূলক বলে অভিযোগ করে, দেশের বিদ্যমান অপরাধ আইনে তাদের শাস্তি দাবী করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিডিনিউজের সাথে আলাপকালে শুক্রবার দেশের প্রখ্যাত আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও সুপ্রীমকোর্ট আইনজীবি সমিতি (এসসিবিএ)’র সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, বিভিন্ন স্থানে যারা ভূয়া ভোটার তালিকা তৈরীর সাথে জড়িত তারা অপরাধমূলক কাজ করেছে এবং অবশ্যই তাদের বিচার হওয়া উচিত।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সকলের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করে তুলতে ভোটার তালিকা থেকে ভূয়া ভোটারদের নাম বাদ দিতে হবে। এটা সবচেয়ে ভালো হয়, যদি সুপ্রীম কোর্ট নির্বাচন কমিশনের তৈরী ভোটার তালিকা বাতিল করে।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মোহাম্মদ ওজায়ের ফারুক বলেন, সিইসি বিচারপতি এমএ আজিজ এবং ইসি সদস্য বিচারপতি মাহফুজুর রহমান ও এসএম জাকারিয়াকে বিচার, জরিমানা ও অভিসংশনের মাধ্যমে শাস্তি প্রদান করা উচিত, কারন তারা জাতির সাথে প্রতারণার মাধ্যমে গুরুতর অপরাধ করেছেন।

এসসিবিএ’র সাবেক সভাপতি অ্যাড. মাহবুবে আলম বলেন, চার দলীয় জোট সরকারের উপদেশ অনুযায়ী কাজ করে সিইসি ও অন্য দুই ইসি সদস্য দেশ ও জাতির সাথে প্রতারণা এবং অবিচার করেছেন।

হাইকোর্টের সাবেক বিচারপতি ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বিচারপতি এমএ আজিজসহ নির্বাচন কমিশনের পাশাপাশি এর কর্মকর্তারাও ভোটার তালিকা তৈরীর ক্ষেত্রে অপরাধমূলক কাজের দায়ে অভিযুক্ত হয়েছেন।        

তিনি বলেন, বিএনপি-জামাত জোটকে রাষ্ট্র ক্ষমতায় আনার বিষয়টি নিশ্চিত করতে ইসি’র তিন সদস্য নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। অসততার দায়ে বিচারের জন্য তাদেরকে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করা উচিত। এছাড়া দেশের বিদ্যমান নির্বাচনী ও অপরাধ আইনেও তাদের বিচার করা যেতে পারে।

এসসিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এম ইনায়েতুর রহীম বলেন, নির্বাচন কমিশনের তিন সদস্যই ভূয়া ভোটার তালিকা তৈরির সাথে জড়িত।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পরামর্শ অনুযায়ী ওই দলগুলোকে ক্ষমতায় আনতে নীল নকশার নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে তারা তাদের সাংবিধানিক অংঙ্গীকার লংঘন করেছেন। 

ইসি সদস্যরা নির্বাচন কমিশন কার্যালয়কে বিএনপি-জামাত জোটের শের-ই-বাংলানগর শাখা রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে বলেও তিনি উল্লেখ করেন।