কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিক বিরোধের জের: চাঁপাই-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মত বাস চলাচল বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সোমবার দ্বিতীয় দিনের মত শ্রমিকদের প্রতিরোধের মুখে বাস চলাচল করতে পারেনি। শ্রমিকদের মধ্যে সৃষ্ট সংকট নিরসনের লক্ষ্যে রোববার রাতে সমঝোতা সভা হওয়ার কথা থাকলেও বিবাদী পক্ষের অনুপস্থিতির কারণে শেষ পর্যন্ত তা হয়নি।
শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বাস চলতে না পারায় অভাবনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন এ পথের যাত্রীরা। প্রায় ৭ সাত কিলোমিটার পথ অতিক্রম করে তাদের চাঁপাইনবাবগঞ্জের শেষ সীমানা বালিয়াঘাট্টা এলাকা থেকে যাতায়াত করতে হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী জানান, রোববার রাতের সমঝোতা বৈঠক না হওয়ায় আজও (সোমবার) ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে এবং বৈঠকে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে বাস চলাচল চালু করা সম্ভব নয়।
১ মে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের একটি কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। সেখানে তাদের মধ্যে কয়েকদফা হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর এক পক্ষ রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জ--রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
