ক্যান্সার সৃষ্টিকারী এনজাইমের রহস্য উদঘাটন
বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমন এক এনজাইমের পিছনের রহস্য উদঘাটন করেছেন। তারা বলছেন, এর ফলে ক্যান্সার নিরাময়ে আরো কার্যকর ওষুধ তৈরি করা সম্ভব হবে।
টেলোমেরিস নামের এনজাইমের অতিরিক্ত সক্রিয়তা মানব দেহের ৯০ শতাংশ টিউমার বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এ এনজাইমের কাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্যের অভাবের কারণে এটিকে কার্যকর হওয়া থেকে বিরত রাখতে পরিচালিত প্রয়াস সফল হয়নি।
কলোরাডো বিশ্ববিদ্যালয়ের টমাস চেকের নেতৃত্বাধীন গবেষকদের দাবি, তারা টেলোমেরিস এনজাইমের প্রয়োজনীয় একটি অংশের কাঠামো ভাঙতে সক্ষম হয়েছেন।
গর্ভকালীন সময়ে ক্রোমোজমের শীর্ষভাগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে মানবদেহের ভ্রুণের গঠনে টেলোমেরিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্য বয়স্কদের সুস্থ্য সবল দেহের কোষে এ এনজাইমের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে।
তবে ক্যান্সার কোষ নিজে টেলোমেরিসকে সক্রিয় করতে পারে। এর ফলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের সৃষ্টি হয়। টেলোমেরিসের কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী থেরাপির উন্নয়ন ঘটিয়ে অনেক প্রকারের ক্যান্সারের চিকিৎসা করা যেতে পারে।
