২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের দ্বিতীয় শাখা ধানমন্ডিতে

রোগীদের অধিক গুনগত মানের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষে নগরীর ধানমন্ডি এলাকায় জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল (জেবিএফএইচ)’র দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

পরাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শুক্রবার ৬০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি উদ্বোধন করেন। জাপানে শিক্ষা গ্রহণকারী তিন বাংলাদেশী চিকিৎসক তাদের জাপানী শিক্ষকদের সহায়তায় হাসপাতালটি স্থাপন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্যদানকালে মোরশেদ খান বলেন, বিদেশি চিকিৎসকদের বাংলাদেশে প্রাকটিসের অনুমতি দেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, এটা দুঃখজনক যে বিদেশি দক্ষ চিকিৎসকদের আমাদের দেশে প্রাকটিসের অনুমতি দেওয়া হয় না। শুধুমাত্র কতিপয় ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য সরকার বিদেশি দক্ষ চিকিৎসকদের সেবা থেকে জনগণকে বঞ্চিত করবে না।

তিনি বলেন, দেশের সকল জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে সরকার স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করছে।

জেবিএফএইচ’র প্রধান কনসালটেন্ট সার্জন অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি উপস্থিত ছিলেন।

নগরীর গুলশান এলাকায় প্রায় ১২ বছর আগে জেবিএফএইচ’র প্রথম শাখা স্থাপন করা হয়।