২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীর বারিধারা থেকে বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রহস্য

নগরীর বারিধারা এলাকা থেকে ১৭ এপ্রিল বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক যুবক নিখোঁজের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:13 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, সিক্রেট সার্ভিস এজেন্ট’র সদস্য পরিচয়ে কয়েকজন ব্যক্তি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কাছে সহযোগিতার কথা বলে এহসানুল ইসলাম সাদিকীকে (২১) তুলে নিয়ে যায়। পরে তার পিতা একটি অপহরণ মামলা দায়ের করেন।

যদিও বার্তা সংস্থা সিএনএন জানায়, ১৭ এপ্রিল সাদিকীকে গ্রেপ্তারের পর তাকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)’র কাছে হস্তান্তর করা হয় এবং বৃহস্পতিবার বিমানযোগে তাকে নিউইয়র্ক পাঠিয়ে দেওয়া হয়।

নিউইয়র্কের পূর্বাঞ্চলীয় শহরে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

সাদিকীর বোন ও যুক্তরাষ্ট্রের নাগরিক শারমিন সাদিকী সিএনএনকে বলেন, এই খবর পেয়ে তারা মর্মাহত এবং সন্ত্রাসবাদের সাথে তার ভাইয়ের কোন সম্পর্ক নেই বলে দাবি করেন।

তিনি বলেন, তার ভাই আটলান্টাভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা ‘রক্ষা’য় কর্মরত।

মিশিগানে বসবাসকারী শারমিন সাদিকী সিএনএনকে বলেন,  আমরা অত্যন্ত মর্মাহত, ব্যাথিত এবং দুঃখিত।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত জানিনা কেন বাংলাদেশ সরকার এবং এফবিআই তাকে আটক করেছে।

এফবিআই’র হাতে সাদিকীর আটক হওয়া এবং তাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়টি বাংলাদেশের নির্ভরযোগ্য কোন সূত্র নিশ্চিত করতে পারেনি।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

যদিও মুখপাত্রটি বলেন, ফোন ও ই--মেইলে তারা বিভিন্ন ব্যক্তির প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

নিখোঁজ যুবকের পিতা সরদার মোঃ শরিফ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন,  গত ১৭ এপ্রিল নববিবাহিত স্ত্রীর সাথে শপিং করে ফেরার সময় বারিধারা--ডিওএইচএস এলাকার কাছে কালাচাঁদপুর সেতুর পুলিশ চেকপোস্টের সামনে থেকে সাদা পোশাক পরিহিত এবং ওয়ারলেস ও আগ্নেয়াস্ত্র বহনকারী অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা আমার ছেলেকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, তখন থেকেই আমরা জানিনা আমাদের সন্তান কোথায়। কারণ তাকে নিকটবর্তী কোনো থানা বা আদালতে পাঠানো হয়নি।

এহসানুলের বোন শারমিন সাদিকী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মিশিগানের স্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশী কর্তৃপক্ষ আমার ভাইকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, তার ভাই ও পরিবারের অপর সদস্যরা সর্বশেষ আট মাসে একাধিকবার এফবিআই’র জেরার সম্মুথীন হয়েছেন।

যদিও এহসানের পিতা এবং এহসানের স্ত্রী হ্যাপী শাহনাজ সংবাদ সম্মেলনে তাদের পরিবারের সদস্যদের এফবিআই কর্তৃক জিজ্ঞাসাবাদের বিষয়ে কোন কিছু উল্লে¬খ করেননি।

সিএনএন ও নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যম গ্রেপ্তারের সংবাদ ও ওই যুবক নিখোঁজের ঘটনা তুলে ধরেছে।

যদিও যুক্তরাষ্ট্রের কতিপয় গণমাধ্যম সাদিককে গ্রেপ্তারের সাথে ২৩ মার্চ এফবিআই’র হাতে গ্রেপ্তারকৃত পাকিস্তানি বংশোদ্ভূত যন্ত্র--প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সৈয়দ হারিস আহম্মদ গ্রেপ্তারের যোগসূত্র স্থাপন করেছে।

এফবিআই জর্জিয়া থেকে হারিসকে গ্রেপ্তার করে এবং একটি সন্ত্রাসী গোষ্ঠিকে ‘কারিগরি সহায়তা’ দেওয়ার অভিযোগে তাকে মার্কিন কেন্দ্রীয় আদালতে হাজির করে।

শারমিন বলেন, মধ্য মার্চের দিকে তার ভাইয়ের বন্ধু পরিচয়ে এক যুবকের একটি ফোন কল তার পরিবারের সদস্যরা রিসিভ করে এবং তার বিষয়ে আমরা এ পর্যন্ত চার বার এফবিআই’র জেরার সম্মুখীন হয়েছি।

শারমিন সাদিকী জানান, তিনি শুধু ডাক নামে ওই ব্যক্তিকে চিনেন এবং জর্জিয়ার উত্তরে আল--ফারুক মসজিদে তার সাথে সাক্ষাৎ হয়েছিল। ওয়েবসাইটের একটি জার্নালে তার ছবি দেখার পর তিনি জানতে পারেন যে ব্যক্তির সাথে তার দেখা হয়েছিল সে সৈয়দ হারিস।

শারমিন বলেন, বিয়ে করার জন্য বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় গত বছরের আগস্টে নিউইয়র্কের কেনেডি আর্ন্তজাতিক বিমানবন্দরে তার ভাইকে আটক করা হয়েছিলো।

সাদিকীর পরিবার ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

নিখোঁজ যুবক সাদিকী যুক্তরাষ্ট্রের ফেয়ারফেক্সে জন্মগ্রহণ করে। সে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও সে ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থিত একটি বিট্রিশ বিদ্যালয়ে লেখাপড়া করে।